
ইতালির ভেনিসে অবস্থানকালে আজমেরী হক বাঁধন এক ভিডিওবার্তায় তার ওপর হামলার অভিযোগ তোলেন। বাঁধন জানান, সেখানে কয়েকজন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, শারীরিকভাবে আঘাত করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক চর্চা ও বিতর্ক শুরু হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশিত এই খবরটি শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান পরীমনি। স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’ পরবর্তী সময়ে আরেকটি পোস্টে পরীমনি মন্তব্য করেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।
করেও নাই।’ এ নিয়ে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



