
আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম (জীবন)। তবে সংবাদ সম্মেলনের ৪৮ ঘণ্টা পার হলেও দলীয় নেতাকর্মীদের এক মঞ্চে আনতে তিনি ব্যর্থ হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ক্ষুদির বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মো. জহুরুল ইসলাম জীবন বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও বাঘা–চারঘাট আসনে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এক মঞ্চে দেখা যাচ্ছে না, যা দলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা ছিল—যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করার জন্য। কিন্তু চারঘাট উপজেলায় সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি প্রশ্ন তুলে বলেন, “নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এখনো সবাইকে এক মঞ্চে দেখা যাচ্ছে না?” তিনি আরও বলেন, দল যখন আপনাকে মনোনয়ন দিয়েছে, তখন আপনার দায়িত্ব ছিল সকল নেতাকর্মীকে ডেকে একত্রিত করা। কেউ উপস্থিত না হলে তখন দায়ভার তাদের ওপর বর্তাত।
জহুরুল ইসলাম জীবন অভিযোগ করে বলেন, নির্বাচনের মাঠে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা এখনো সক্রিয় নন। তিনি চারঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুলসহ একাধিক নেতার নাম উল্লেখ করে বলেন, তারা এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় দৃশ্যমান হননি।
তিনি আরও জানান, মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বল। মনোনয়ন না পেলেও তিনি দিন-রাত এলাকায় ঘুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। অথচ তাকেও এখনো আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে একত্রিত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম জীবন আশঙ্কা প্রকাশ করে বলেন, “দল ঐক্যবদ্ধ না হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুযোগ নিতে পারে। অতীতের প্রতিহিংসা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।”
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের ৪৮ ঘণ্টা পার হলেও চারঘাট উপজেলায় বিএনপির বিভক্ত নেতাকর্মীদের এক মঞ্চে আনতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


