
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝালকাঠি-১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের অনুসারীদের দায়ী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা আমীর মাওলানা কবির হোসেন। এসময় ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে একদল সন্ত্রাসী আমতলা বাজারের দীর্ঘদিনের পুরোনো জামায়াত অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
জামায়াত নেতাদের দাবি, বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের প্রশ্রয়ে থাকা চিহ্নিত মাদকসেবী ও অস্ত্রধারী একটি গ্রুপ নির্বাচন ভণ্ডুল করতে এবং ‘দাঁড়িপাল্লা’র কর্মীদের মাঝে আতঙ্ক ছড়াতে এই ন্যাক্কারজনক কাজ করেছে।
প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, “এই আসনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষ দল পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। এর আগেও পিংরী ও সাড়ে চারআনি এলাকায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে, যার সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।”
এদিকে অভিযোগ অস্বীকার করে রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তবে এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। শহীদ জিয়ার আদর্শের কর্মীরা এমন কাজ করতে পারে না। এটি কোনো নির্বাচনী ষড়যন্ত্র বা দুষ্কৃতকারীদের কাজ হতে পারে। আমরাও এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
রাজাপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


