
রাজশাহীর পুঠিয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক দমন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার রোধ, পর্যটন উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব উঠে আসে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “আপনার পাশের ব্যক্তি যদি মাদক ব্যবসায়ী হন, তাহলে তাকে চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দিন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও অপরিহার্য।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা পুঠিয়া রাজবাড়ির মন্দিরকে ঘিরে পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে শিশু পার্কে প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধ, মাদক দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, বানেশ্বর হাটের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল-সমাবেশ বন্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবিও তুলে ধরা হয়।
সভায় উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসন স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।


