
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নাম ব্যবহার করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে টিআইবি গণমাধ্যম ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি টিআইবি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু জায়গায় প্রচার করা হচ্ছে যে, নির্বাচনে ‘২১.৪ শতাংশ জাল ভোট পড়েছে’—যা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন।

প্রকৃত তথ্য স্পষ্ট করে টিআইবি জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে (অর্থাৎ প্রায় ১৫টি আসনে) এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে। এর অর্থ এই নয় যে, পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোট পড়েছে। আসনভিত্তিক এই তথ্যকে মোট ভোটের শতাংশ হিসেবে প্রচার করা ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব গণমাধ্যম ইতোমধ্যেই এই তথ্যটি ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের অতিদ্রুত সংশোধনী প্রকাশের অনুরোধ জানানো হচ্ছে। বিভ্রান্তি প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, যথাযথ সংশোধনী প্রকাশ না করলে এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বিবেচনা করা হবে।


