
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন মন্ত্রিসভা নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি জানান, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো রেকর্ড নেই, তারাই মন্ত্রিসভায় অগ্রাধিকার পাবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘আগামী মন্ত্রিসভা হবে জনগণের আস্থার প্রতিফলন। যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন এবং জনগণের কাছে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন। কোনো দুর্নীতিবাজ বা বিতর্কিত ব্যক্তি বিএনপির মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না।’
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে দেশের জনগণ। এই নির্বাচন সফল করতে সামরিক বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাদের সহায়তা ছাড়া এত বড় একটি কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।’ তিনি সেনাবাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশবিরোধী ষড়যন্ত্রের হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘এ দেশকে কেউ যদি বিপথে নেওয়ার চেষ্টা করে, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’ এছাড়া আগামী সংসদে ১১-দলীয় জোট একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


